ব্যাংকে আমানত বাড়ছে, ফিরতে শুরু করেছে গ্রাহকের আস্থা

দেশের ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধির ধারায় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। গত এক বছরে ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ। চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট আমানত দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা। আর্থিক খাতে চলমান সংস্কার, দুর্বল ব্যাংকগুলোর পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ এবং আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় এই প্রবৃদ্ধিকে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানত ছিল ১৯ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি ৫০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি ১০ লাখ টাকা, যা ১২ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধি।

শুধু বার্ষিক হিসাবেই নয়, মাসিক ভিত্তিতেও আমানত বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। চলতি বছরের আগস্ট শেষে ব্যাংক খাতে আমানত ছিল ২১ লাখ ৩২ হাজার ৫২১ কোটি ৩০ লাখ টাকা। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা। এক মাসে আমানত বেড়েছে ৩০ হাজার ৭ কোটি ৩০ লাখ টাকা বা ১ দশমিক ৪১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে ব্যাংক খাতে সাধারণ মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। সংকটে পড়া কয়েকটি ব্যাংকও আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করেছে। এর ফলে গ্রাহকদের মধ্যে আস্থা পুনর্গঠনের ইতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে।

তিনি জানান, ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, সুশাসন নিশ্চিত করা এবং বিনিয়োগ ও ঋণপ্রবাহ স্বাভাবিক করতে একটি সমন্বিত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে ১৫টি ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা বা অ্যাসেট কোয়ালিটি রিভিউ সম্পন্ন হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় অন্যান্য ব্যাংকের মূল্যায়ন কার্যক্রমও এগিয়ে চলছে।

সংস্কার কার্যক্রমে খেলাপি ঋণ কমানো, মূলধন ঘাটতি মোকাবিলা, করপোরেট সুশাসন জোরদার এবং ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।

আমানত বাড়লেও ঋণ প্রবৃদ্ধি তুলনামূলক কম

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৪৪ কোটি ৩০ লাখ টাকা। আগস্ট শেষে এ পরিমাণ ছিল ১৮ লাখ ১২ হাজার ৮৩০ কোটি টাকা। মাসিক হিসাবে ঋণ ও অগ্রিম কিছুটা কমলেও এক বছরের ব্যবধানে এর প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ।

অন্যদিকে, সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক উপকরণে ব্যাংকগুলোর বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এক বছরে এই বিনিয়োগ ৩১ দশমিক ৩১ শতাংশ বৃদ্ধি পেয়ে গত সেপ্টেম্বরে ৭ লাখ ৬৭ হাজার ৭৩১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

পরিসংখ্যান বলছে, ব্যাংকগুলো আমানত সংগ্রহে তুলনামূলক ভালো প্রবৃদ্ধি অর্জন করলেও ঋণ বিতরণে এখনো সতর্ক অবস্থানে রয়েছে। আর্থিক খাতের অনিশ্চয়তা, খেলাপি ঋণের চাপ, মূলধন ঘাটতি এবং ঋণগ্রহীতাদের ঝুঁকি বিবেচনায় বেসরকারি খাতে ঋণ সম্প্রসারণে ব্যাংকগুলো সাবধানতা অবলম্বন করছে।

শক্তিশালী ব্যাংকগুলোতে আমানত বাড়ছে

চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনেও কয়েকটি বেসরকারি ব্যাংকের আমানত সংগ্রহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির চিত্র উঠে এসেছে। তুলনামূলক ভালো আর্থিক ভিত্তি, সুশাসন এবং গ্রাহকসেবার কারণে এসব ব্যাংকে আমানত বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাদের গ্রাহক আমানত ১৬ শতাংশ বেড়ে ১ লাখ ৩ হাজার ৯১ কোটি টাকা ছাড়িয়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ৭৭ হাজার ৯৪৭ কোটি টাকা। এ সময়ে খেলাপি ঋণের হার ছিল ২ দশমিক ২৭ শতাংশ।

চলতি বছরের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের সমন্বিত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেড়ে ২ হাজার ১২১ কোটি টাকায় দাঁড়িয়েছে। আমানত বৃদ্ধি, ঋণ কার্যক্রম এবং আর্থিক ব্যবস্থাপনায় উন্নতির প্রতিফলন হিসেবে এই ফলাফলকে দেখছে ব্যাংকটি।

সিটি ব্যাংকের আমানতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির আমানত ছিল ৬৩ হাজার ১৬৪ কোটি ২৪ লাখ টাকা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর তা বেড়ে ৭৭ হাজার ৪১২ কোটি ৪৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ, নয় মাসে আমানত বেড়েছে ২২ দশমিক ৬ শতাংশ।

ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মেয়াদি আমানত, সঞ্চয়ী আমানত এবং চলতি হিসাবের আমানত বৃদ্ধির কারণে এই প্রবৃদ্ধি হয়েছে।

ব্যাংক এশিয়ার আমানতও চলতি বছরের প্রথম নয় মাসে ১৯ শতাংশ বেড়েছে। এ সময়ে ব্যাংকটির আমানত ৪৪ হাজার ৬১৫ কোটি টাকা থেকে বেড়ে ৫৩ হাজার ৩০৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে নিট মুনাফা ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৭২ কোটি টাকা হয়েছে। গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির নিট মুনাফা ছিল ৩৫১ কোটি টাকা।

সুশাসনসম্পন্ন ব্যাংকের প্রতি ঝুঁকছেন আমানতকারীরা

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, এক বছরে ব্যাংক খাতে প্রায় ১৩ শতাংশ আমানত বৃদ্ধি গ্রাহকদের আস্থা ফিরে আসার একটি উৎসাহব্যঞ্জক লক্ষণ।

তবে সব ব্যাংকে আমানত বৃদ্ধির চিত্র সমান নয়। আমানতকারীরা এখন তুলনামূলক ভালো সুশাসন, আর্থিক ভিত্তি এবং স্থিতিশীলতা রয়েছে—এমন ব্যাংককে বেশি গুরুত্ব দিচ্ছেন। এটি স্বাভাবিক প্রবণতা বলে মনে করেন তিনি।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করা মাসরুর আরেফিন বলেন, তাঁর ব্যাংকের আমানত ২২ শতাংশের বেশি বৃদ্ধি এই পরিবর্তনেরই প্রতিফলন।

তিনি মনে করেন, ব্যাংক খাতে আমানতকারীদের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সুশাসন, সম্পদের গুণগত মান এবং আর্থিক শৃঙ্খলার ধারাবাহিক উন্নতি নিশ্চিত করতে হবে। শুধু আমানত বাড়লেই হবে না, ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনা কতটা শক্তিশালী এবং গ্রাহকদের অর্থ কতটা নিরাপদ—সেটিও গুরুত্বপূর্ণ।

গ্রাহকের অর্থ ফেরত ও স্বাভাবিক ব্যাংকিং সেবা বড় পরীক্ষা

ব্যাংক খাতের পুনরুদ্ধার কতটা কার্যকর হচ্ছে, তা সাধারণ আমানতকারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিজেদের অর্থ প্রয়োজনের সময় নির্বিঘ্নে উত্তোলন করতে পারা। মেয়াদি আমানতের অর্থ নির্ধারিত সময়ে ফেরত দেওয়া, চেক নিষ্পত্তি এবং এটিএম সেবা সচল রাখা—এসব বিষয় সরাসরি গ্রাহকের আস্থার সঙ্গে যুক্ত।

আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। অতীতে এসব ব্যাংকের তারল্যসংকটের কারণে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হয়েছে। কোথাও আমানত উত্তোলনে সীমাবদ্ধতা তৈরি হয়েছে, কোথাও গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে।

এ পরিস্থিতি কাটিয়ে ন্যাশনাল ব্যাংক গত ১৫ অক্টোবর থেকে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু করেছে। আমানত উত্তোলন ও তারল্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার পর ব্যাংকটি এই পদক্ষেপ নেয়। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, জনআস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুশৃঙ্খল রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ব্যাংক খাতে আস্থা পুনরুদ্ধারে শুধু স্বল্পমেয়াদি তারল্য সহায়তা যথেষ্ট নয়।

তিনি করপোরেট সুশাসন জোরদার, আর্থিক প্রতিবেদন স্বচ্ছ করা, ঋণ আদায় বাড়ানো, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ এবং আর্থিক অনিয়মের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংস্কারের সুফল ধরে রাখার চ্যালেঞ্জ

ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান পর্যালোচনা এবং সংস্কার কার্যক্রমের মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর ভিত্তিতে মূলধন ঘাটতি পূরণ, খেলাপি ঋণ আদায়, দুর্বল ব্যবস্থাপনা সংশোধন এবং ঝুঁকি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাবে।

সংশ্লিষ্টদের মতে, ব্যাংক খাতে আমানত বৃদ্ধির এই ধারা অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। তবে সংগৃহীত অর্থ উৎপাদনশীল খাতে দক্ষতার সঙ্গে ব্যবহার করতে না পারলে অর্থনীতিতে এর প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হবে।

বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়লে শিল্প সম্প্রসারণ, ব্যবসায়িক কার্যক্রম, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকগুলো আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। একই সঙ্গে ঋণ বিতরণে সতর্কতা, ঋণগ্রহীতার সক্ষমতা যাচাই এবং ঋণ আদায়ে কঠোরতা বজায় রাখাও জরুরি।

ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতিতে আমানত বৃদ্ধি একটি ইতিবাচক অগ্রগতি। কিন্তু এই প্রবৃদ্ধিকে দীর্ঘমেয়াদি আস্থায় রূপান্তর করতে হলে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি, সুশাসন এবং গ্রাহকসেবার মান নিশ্চিত করতে হবে। মানুষের সঞ্চয় নিরাপদ রাখা এবং সেই অর্থ দেশের উৎপাদনশীল অর্থনীতিতে কাজে লাগানোই ব্যাংকিং খাতের পুনরুদ্ধারের মূল লক্ষ্য হওয়া উচিত।

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha