বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও এক উচ্চপর্যায়ের আলোচনা সভায় মিলিত হয়েছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শীর্ষ প্রতিনিধিদল। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন, ডিজিটাল প্রযুক্তির প্রসার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃণমূল সদস্যদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছানোর লক্ষ্য নিয়ে বেশ কিছু গঠনমূলক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্ভাবনী ‘সঞ্জীবন প্রকল্প’-এর প্রি-ফাইন্যান্সিং সুবিধা অনুমোদনের প্রক্রিয়াটি অগ্রাধিকার পায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নীতিগত ইতিবাচক অবস্থান ব্যক্ত করে জানান, নিয়মমাফিক কাগজপত্রের কাজ দ্রুত শেষ করে এই প্রকল্পের মঞ্জুরি প্রদান করা হবে। ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এটি বাস্তবায়িত হলে বাহিনীর সাধারণ সদস্য ও প্রান্তিক ব্যাংকিং গ্রাহকদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা সম্ভব হবে এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রতিষ্ঠানটির সার্বিক পরিচালনাগত গতিশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) সফলভাবে চালু করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সভায় বিষয়টি গভীরভাবে আলোচিত হলে জনবল ঘাটতি মেটানোর বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে দীর্ঘদিন আটকে থাকা ২০৫টি শূন্য পদের বিপরীতে নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ কার্যক্রম আগামী ৩ মাসের মধ্যে সম্পন্ন করার পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে। কারিগরি ও প্রশাসনিক খাতে নতুন জনবল যুক্ত হলে একদিকে যেমন সিবিএস বাস্তবায়ন ত্বরান্বিত হবে, অন্যদিকে ব্যাংকিং ব্যবস্থাপনায় গতি ফিরবে।
গ্রাহক ও আনসার সদস্যদের সহজে লেনদেনের সুবিধা দিতে ব্যাংকটিকে সরাসরি জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করার প্রস্তাব তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংক ও আনসার-ভিডিপি ব্যাংকের পারস্পরিক সম্মতিতে খুব শিগগির ব্যাংকটিকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (BEFTN), ন্যাশনাল পেমেন্ট সুইচ (NPSB) এবং অটোমেটেড ক্লিয়ারিং হাউস (BACH)-এর মতো জাতীয় প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যুক্ত করা হবে। এই প্রযুক্তিগত পরিবর্তনের ফলে বাহিনীর লাখ লাখ সদস্য ঘরে বসেই তাদের বেতন-ভাতা গ্রহণ, তাৎক্ষণিক তহবিল হস্তান্তর এবং আধুনিক ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট সেবা উপভোগ করতে পারবেন।
উচ্চপর্যায়ের এই দ্বিপাক্ষিক বৈঠকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. কবীর আহমেদ এবং ডেপুটি গভর্নর মো. সারওয়ার হোসেন। যৌথ উদ্যোগের এই সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়িত হলে বিশেষায়িত এই ব্যাংকিং প্রতিষ্ঠানটি পুরো আর্থিক খাতে নতুন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে খাতসংশ্লিষ্টরা মনে করছেন।
