জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ১০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

দেশের তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করা এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির আওতায় ব্যবসার সম্ভাবনা ও মেধার ওপর ভিত্তি করে তরুণ উদ্যোক্তারা কোনো প্রকার জামানত বা সম্পত্তি বন্ধক ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ সুবিধা পেতে পারেন। প্রস্তাবিত এই ঋণের সুদের হার ধরা হচ্ছে মাত্র ৪ থেকে ৬ শতাংশের মধ্যে, যা বিদ্যমান সাধারণ ব্যাংক ঋণের (১১-১৫%) কিংবা এনজিও ফান্ডের তুলনায় অনেক সাশ্রয়ী।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সাথে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-র প্রতিনিধিদলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে তরুণ উদ্যোক্তা উন্নয়ন তহবিলের নানা রূপরেখা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন সংবাদমাধ্যমকে জানান, উদ্ভাবনী ভাবনা থাকা সত্ত্বেও মূলধনের সংকটে ব্যবসা শুরু করতে না পারা তরুণদের প্রাধান্য দিতেই এই পুনঃঅর্থায়ন ও অনুদান প্যাকেজ সাজানো হচ্ছে।

প্রকল্পটির একটি বিশেষ দিক হলো সফল উদ্যোক্তাদের জন্য অনুদানের সুব্যবস্থা। যদি কোনো উদ্যোক্তা সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করেন এবং ব্যবসায় সন্তোষজনক অগ্রগতি অর্জন করেন, তবে তাকে উৎসাহিত করতে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ফান্ড থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত সমপরিমাণ অর্থ অনুদান দেওয়া হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, দেশের ৫০০টিরও বেশি উপজেলা থেকে স্থানীয় পর্যায়ে ব্যাংক শাখা কর্মকর্তা ও যৌথ কমিটির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রথম ধাপে অন্তত ৫ হাজার উদ্যোক্তাকে বাছাই করা হবে। রাজনৈতিক প্রভাব বা ব্যক্তিগত সুপারিশ এড়িয়ে প্রকৃত মেধাবীদের খুঁজে বের করাই এই পদ্ধতির প্রধান উদ্দেশ্য। এর অধীনে মৎস্য চাষ, প্রাণিসম্পদ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, শতরঞ্জিসহ নানা ধরণের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন করা হবে। সার্বিকভাবে তরুণদের কর্মসংস্থান তৈরি ও জাতীয় অর্থনীতি সচল রাখাই এর মূল উদ্দেশ্য।

মন্তব্য করুন